খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই সেপ্টেম্বর ২০২৪, ৫:৫২ পিএম

বিএনপি নেতা দুলু বেকসুর খালাস – নাটোরের আলোচিত রাকিব ও রায়হানের জোড়া খুনের মামলায় বিএনপির কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সব অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. মাইনুদ্দীন এই রায় দেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে নেতাকর্মীরা যাওয়ার সময় নাটোর সদরের তেবাড়িয়া এলাকায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলকর্মী রাকিব ও রায়হান নামের দজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।

এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, এই মামলায় বাদী পক্ষ আসামিদের সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমাণ করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আসামি বিএনপি নেতা আ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার ১৪ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেন।
খালাস পেয়ে আদালত চত্বরে বিএনপি নেতা দুলু বলেন, রাকিব ও রায়হান বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদলের কর্মী। আওয়ামী লীগের আমলে তাদের হত্যা করে ক্ষমতাসীনরা উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাইকে দিয়ে মামলা করায়। এই জোড়া খুনের মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। এর আগে গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরো তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য