Site icon নাটোর জিলাইভ | truth alone triumphs

নাটোরে পলক-শিমুলের বিরুদ্ধে আরও ২ মামলা

নাটোরে পলক-শিমুলের বিরুদ্ধে মামলা – নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় জামায়াতের দুই নেতাকে অপহরণ করে তুলে নিয়ে হাতুড়িপেটাসহ নির্যাতনের অভিযোগে ঘটনার এক বছর পর দুটি মামলা হয়েছে। উভয় মামলাতেই সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ৪৪ জনকে আসামি করা হয়েছে।

 

নাটোরে পলক-শিমুলের বিরুদ্ধে আরও ২ মামলা

গতকাল মঙ্গলবার নির্যাতনের শিকার নলডাঙ্গা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সংশ্লিষ্ট থানায় সাবেক এমপি শিমুলসহ ১৫ জনের নামে প্রথম মামলাটি করেন। একই দিন সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক দ্বিতীয় মামলাটি করেন সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের বিরুদ্ধে। সিংড়া থানার ওসি আবুল কালাম ও নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সভাপতি একরামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একরামুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীর ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের ছেলে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, একরামুল হকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

এ ছাড়া ২০১১ সালে পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাসান ইলিয়াছ নামে এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে তৎকালীন প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক তারেক নূরসহ ছাত্রলীগের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

হামলার শিকার সাংবাদিকের ছোট ভাই মো. রোকনুজ্জামান গত সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। গতকাল বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলন করেন বাদী মো. রোকনুজ্জামান। এ সময় তিনি ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Exit mobile version